
এডভোকেট মো রফিকুল ইসলাম :
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও শিল্পোদ্যোক্তা মো. ফজলুল হক।
রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর সংগঠনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এফবিসিসিআইয়ের চলমান কার্যক্রম, ব্যবসায়ী সমাজের প্রত্যাশা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মো. ফজলুল হক নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব তৈরি পোশাক প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগের ধারাবাহিকতায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিচালনা পর্ষদবিহীন অবস্থায় এফবিসিসিআইয়ের কার্যক্রম প্রশাসকের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এতদিন সরকারি কর্মকর্তারা এ দায়িত্ব পালন করলেও এবার প্রথমবারের মতো একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যবসায়ী মহল মনে করছে, তাঁর অভিজ্ঞতা দেশের বাণিজ্য, শিল্প ও রপ্তানি খাতের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।
