
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা আহসান হাবিব। তিনি বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খান-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর প্রশাসনে দক্ষতা ও গুরুত্বপূর্ণ অনুসন্ধান পরিচালনার জন্য তিনি পরিচিত।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। পাশাপাশি বিসিএস পরীক্ষাতেও নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন আহসান হাবিব। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মবিরোধী একাধিক আলোচিত অনুসন্ধানে নেতৃত্ব দেন। এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায়ে নেওয়া উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
