• মঙ্গল. জুলাই ৭, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

এনআইডির জরুরি সংশোধন সেবা বন্ধ করল ইসি

ByShirso aparadh

জুলাই ৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জরুরি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পরিচালিত অধিকাংশ ক্যাটাগরির জরুরি সংশোধন আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে না।

সোমবার (৬ জুলাই) ইসির জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আপাতত বন্ধ থাকবে।

এছাড়া, যেসব আবেদন অনলাইনের মাধ্যমে করা যায়, সেগুলোর হার্ডকপি আর গ্রহণ করা হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সংশোধন আবেদন নিষ্পত্তির দায়িত্ব সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ওপর ন্যস্ত থাকবে। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘ক’ ক্যাটাগরির আবেদন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরির আবেদন জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন। অন্যদিকে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন মহাপরিচালক পর্যায়েই নিষ্পত্তি হবে।

এতদিন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তির সুযোগ ছিল। দ্রুত সেবা পাওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা সেখানে আবেদন নিয়ে আসতেন। নতুন সিদ্ধান্তের ফলে এসব সেবাপ্রত্যাশীকে এখন নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights