
মোঃ শাহাদাত হোসেন তালুকদার সাকুঃ
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষমতা মাঠপর্যায়ের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দেওয়া হয়েছে। অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে করা নির্দিষ্ট শ্রেণির আবেদন এখন উপজেলা/থানা ও জেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।
বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক বা পরিচালক পর্যায়ের কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।
শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি বা দলিল গ্রহণের ক্ষেত্রে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর জারি করা সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে। কোনো আবেদন ইলেকট্রনিকভাবে অনুমোদন বা বাতিলের সময় সিএমএসে বাধ্যতামূলকভাবে নোট দিতে হবে।
এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অধীনস্থ কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করে নির্ধারিত ছকে প্রতিবেদন পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং একই সঙ্গে জন্মতারিখ, নিজের নাম ও পিতা-মাতার নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে।
একই ফিল্ডে জন্মতারিখ, নিজের নাম কিংবা পিতা-মাতার নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।
এ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
