
ইসরায়েলের মধ্যাঞ্চলের কোখাভ ইয়া’ইর এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রোববার (৭ জুন) সংঘটিত এ ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে নিহত ব্যক্তি হামলাকারী নাকি অন্য কেউ—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত দুজন অস্ত্রধারী অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে একজনকে আহত অবস্থায় আটক করেছে নিরাপত্তা বাহিনী। অন্য সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর আশপাশের কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে নিকটবর্তী কিছু বসতির বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার ঘটনা একাধিক স্থানে সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি পেট্রোল স্টেশনও রয়েছে। সেখানে অতিরিক্ত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ঘটনার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পরে নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, সন্দেহভাজন হামলাকারীদের একজন নিহত হয়েছেন। তবে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত চলছে।
