• বৃহঃ. জুলা ১৬, ২০২৬

সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বছরে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ByShirso aparadh

জুলা ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন জোরদারে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যদি প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করে এবং তার পরিচর্যা করে, তাহলে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের পরিবেশ, প্রকৃতি ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। একটি গাছ রোপণ ও তার পরিচর্যার মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্বশীলতা, প্রকৃতিপ্রেম এবং পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে উঠবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে দেশব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ শেষে নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে ১৫টি বিভাগে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি বিভাগে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার লাভ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা এবং সহশিক্ষা কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights