• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

পটুয়াখালী ভার্সিটি শিক্ষার্থীদের জন্য বাসভাড়া সম্পূর্ণ ফ্রি করলো প্রশাসন

BySarker

জুলা ১৫, ২০২৬

জাকির হোসেন হাওলাদার:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের ঘোষণার এক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় শিক্ষার্থীদের জন্য বাসভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

এর আগে গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান শিক্ষার্থীদের বাসভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার অল্প সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করায় শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শিক্ষার্থীরা জানান, ঘোষণাটি এত দ্রুত বাস্তবায়িত হবে তারা আশা করেননি। এই সিদ্ধান্ত তাদের আর্থিক চাপ কমাবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ আরও সহজ করবে।

পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুল বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থীবান্ধব। নবনিযুক্ত উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে একের পর এক ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। এ সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা খুবই আনন্দিত এবং আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেক সময় তাদের যাতায়াত ব্যয় বহন করতেও কষ্ট হয়। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই বাসভাড়া মওকুফ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমবে, যাতায়াত সহজ হবে এবং তারা আরও নিয়মিতভাবে শ্রেণিকক্ষে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। তাদের আশা, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights