• মঙ্গল. আগ ২৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী পার্থ

ByShirso Aparadh

আগ ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর দেশের সংবাদমাধ্যম নানা ধরনের নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যে ছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সরকারের লক্ষ্য নয়; বরং সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে চান তারা।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে যোগ দেন আন্দালিব রহমান পার্থ। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য জানানো মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করা এবং জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির গর্বের বিষয়গুলো অক্ষুণ্ন রাখার দায়িত্ব সরকারের রয়েছে। এসব ক্ষেত্রে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বর্তমান সময়কে দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় হিসেবে উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জনগণের প্রত্যাশা পূরণে। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, তবে সরকারের নৈতিক অবস্থান দৃঢ় থাকবে।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণের সেবা করা এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে নানা বাধা ও সীমাবদ্ধতার মধ্যেও গণমাধ্যম সরকারের বিভিন্ন অনিয়ম, ব্যর্থতা ও নির্যাতনের খবর মানুষের সামনে তুলে ধরেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সংবাদমাধ্যমকে নিয়মের মধ্যে রাখা ও প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক কাঠামো প্রয়োগ করা হলেও সেটি যেন কোনোভাবেই সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপে পরিণত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব, কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলে না যাই।’

গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তার ভাষায়, বিচার বিভাগ, রাজনীতি, সংসদসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা একদিনে দূর করা সম্ভব নয়।

তিনি বলেন, এসব ক্ষতি মেরামতের পাশাপাশি নতুন ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। পুরোনো সমস্যাগুলো সমাধানের পাশাপাশি ভবিষ্যতের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান ও কার্যকর ব্যবস্থাপনা তৈরি করাও জরুরি।

নিজের দায়িত্ব পালনে সৃষ্টিকর্তার ওপর আস্থার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করলে আল্লাহর রহমত মানুষের সঙ্গে থাকে। সরকারের কর্মকাণ্ডেও জনগণের কল্যাণ ও দেশের স্বার্থকে প্রধান বিবেচনায় রাখা হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে আন্দালিব রহমান পার্থ বলেন, সরকার পরিচালনা একটি দলগত কাজ। রাজনীতিতে তার অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা বেশি। তাই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের রাজনৈতিক সিদ্ধান্তগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং জনগণের স্বার্থ সংরক্ষণ করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে, কেন করছে এবং তাদের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, জনগণ তাদের ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। তাই সরকারের প্রতিটি কাজের বিষয়ে জনগণকে অবহিত করা এবং সরকারের সঙ্গে জনগণের একটি স্বচ্ছ যোগাযোগ ব্যবস্থা তৈরি করাই হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights