• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শিশুরাই আগামীর বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান

BySarker

জুলা ৬, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন :

প্রখ্যাত চিকিৎসক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, “শিশুরাই আগামীর বাংলাদেশ।” তিনি শিশুদের উদ্দেশে বলেন, “ভালোভাবে পড়াশোনা করে বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিত করতে হবে। তোমরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ।”

সোমবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমানের এই সফরকে ঘিরে প্রতিষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরিদর্শনের আগে পুরো শিশু পরিবার পরিষ্কার-পরিচ্ছন্ন করে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘সরকারি শিশু পরিবার’ রাষ্ট্রীয় শিশু কল্যাণ কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এতিম ও আশ্রয়হীন শিশুদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭৪ সালে রাষ্ট্রীয় অনাথ আশ্রম হিসেবে এর কার্যক্রম শুরু হয়। পরে ১৯৮৬ সালে এর নাম পরিবর্তন করে ‘সরকারি শিশু সদন’ এবং ২০০০ সালে পারিবারিক পরিবেশ ও মানবিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে ‘সরকারি শিশু পরিবার’ নামকরণ করা হয়।

তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) প্রথমে ১৯৪৮ সালে বেসরকারিভাবে ‘বাইতুল আতফাল-ই-ছাবিয়া এতিমখানা’ নামে প্রতিষ্ঠিত হয়। পরে ২১ অক্টোবর ১৯৮২ সালে এটি সরকারিকরণ করে ‘সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁও, ঢাকা’ নামে পরিচালনা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক সানজিদা আয়েশা জানান, ১৭৫ জনের আবাসন সক্ষমতা থাকলেও বর্তমানে এখানে ১১৩ জন নিবাসী রয়েছে।

সরকারি শিশু পরিবারে এতিম ও দুস্থ কন্যাশিশুদের ১৮ বছর বয়স পর্যন্ত পারিবারিক পরিবেশে লালন-পালনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ, মানসিক বিকাশ এবং পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়। চাকরি, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও বিয়ের মাধ্যমে তাদের সমাজে প্রতিষ্ঠিত করার ব্যবস্থাও করা হয়।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের পরিবেশিত সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। তিনি শিশুদের পরিবেশনা ও প্রতিভার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মো. মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

স্বাগত বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মো. মাহবুব হোসেন জানান, অসহায় ও এতিম শিশুদের লালন-পালনের জন্য বর্তমানে সারা দেশে ৮৫টি সরকারি শিশু পরিবার পরিচালিত হচ্ছে।

সফর শেষে ডা. জুবাইদা রহমান শিশু পরিবার প্রাঙ্গণে একটি ফুলের চারা রোপণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তাঁর এই মানবিক সফর শিশুদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং প্রতিষ্ঠানটির সেবার মান আরও উন্নত করতে অনুপ্রেরণা জোগাবে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights