শেখ ফরিদ উদ্দিন :
বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন প্রতিনিধিরা।
চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জিওং ইউজির নেতৃত্বে আগত প্রতিনিধি দলটি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে। এ অবস্থানকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। তিনি বিশেষভাবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট)-এর ওপর গুরুত্বারোপ করে বলেন, এ খাতে চীনের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বড় সুযোগ রয়েছে।
এসময় জিওং ইউজি বলেন, আনহুই নরমাল ইউনিভার্সিটি শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানে বিশেষভাবে খ্যাত। বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে তাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার সম্ভাবনা রয়েছে। তিনি ভবিষ্যতে এ বিষয়ে কার্যকর সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
