
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর মহাখালীর টিভি গেট এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিউটি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে বনানী থানা পুলিশ। নিহত মো. মামুন (৩০) সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে উপ-সহকারী প্রকৌশলী (সেকেন্ড ক্লাস কর্মকর্তা) হিসেবে যোগদান করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে মহাখালী টিভি গেট এলাকার একটি ভাড়া বাসায় মামুন ও বিউটি আক্তারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিউটি ধারালো অস্ত্র দিয়ে মামুনের পেটে একাধিকবার ছুরিকাঘাত করেন। অভিযোগ রয়েছে, হামলার সময় তার গোপনাঙ্গও ক্ষতবিক্ষত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক মো. সুমন জানান, দুপুরে মামুন ওই নারীকে নিয়ে বাসায় আসেন। কিছুক্ষণ পর তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডার শব্দ শুনে তিনি ও আশপাশের লোকজন ছুটে গিয়ে মামুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত নারীকে আটক করে।
নিহত মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে। তিনি বাবুল আহমেদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয়। তার স্ত্রী বর্তমানে গ্রামের বাড়িতে রয়েছেন এবং তিনি অন্তঃসত্ত্বা। চলতি মাসের ১ জুলাই বাংলাদেশ রেলওয়েতে চাকরিতে যোগ দিয়েছিলেন মামুন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মামুন ও বিউটি আক্তার দুজনই বিবাহিত ছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পর্ক ছিল। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে আটক নারীর সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বনানী থানার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থলের আলামত সংগ্রহ, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং আটক বিউটি আক্তারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
