• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ভারতীয় ভিসা নিয়ে সুসংবাদ, দ্রুত স্বাভাবিক হবে প্রক্রিয়া: পররাষ্ট্রমন্ত্রী

Byadmin

এপ্রিল ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং চলমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবাল-এর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই সম্পর্কের মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক সম্মান এবং ন্যায্যতা।

তিনি আরও জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জাতীয় স্বার্থ সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

ড. খলিলুর রহমান বলেন, ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি তার ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান আলোচনার ইতিবাচক ফল হিসেবে খুব শিগগিরই ভিসা সংক্রান্ত বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights