• রবি. জুলা ১২, ২০২৬

ব্যক্তিপূজার রাজনীতি নয়, সংযমের বার্তা—রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ

Byadmin

মার্চ ৩, ২০২৬


এস এম শাহ্ জালাল সাইফুল :
রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা নিরুৎসাহিত করে প্রশাসনিক শৃঙ্খলা ও রাজনৈতিক সংযমের বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিভিন্ন সড়কে তাকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড, বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশানের বাসা থেকে বের হওয়ার সময় হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার তার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সেটি অপসারণের নির্দেশ দেন। নির্দেশনার পরপরই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।
প্রেস সচিব আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও কোম্পানি প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দনমূলক বিজ্ঞাপন প্রচার করছে—যা দ্রুত অপসারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও বিজয় সরণী এলাকায় একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শিত হলে তিনি তা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার কেন্দ্রকে ঘিরে অতিরিক্ত প্রচারণা ও ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে সরে এসে প্রশাসনে জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক রাজনীতিকে গুরুত্ব দেওয়ার একটি বার্তা বহন করছে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ।
সরকারি সূত্র বলছে, জনদুর্ভোগ সৃষ্টি করে কিংবা রাষ্ট্রীয় ভাবমূর্তি ব্যবহার করে ব্যক্তিগত বা করপোরেট প্রচারণা চালানোর প্রবণতা বন্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান নেওয়া হতে পারে।
রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিগত প্রচারণার পরিবর্তে নীতিনির্ভর রাজনীতির ইঙ্গিত—রাজধানীর সড়ক থেকে ব্যানার অপসারণের এই নির্দেশনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights