
নিজস্ব প্রতিবেদকঃ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। সারা দেশে দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি তিন লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া রাজশাহী, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বোর্ডেও ব্যাপক সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ সাত হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা বোর্ডগুলো। সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং কেন্দ্রে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ ছাড়া প্রতিটি কক্ষে নির্ধারিত সংখ্যক পরিদর্শক দায়িত্ব পালন করবেন এবং কেন্দ্রের সার্বিক কার্যক্রম প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে জরুরি সমন্বয়ের জন্য ঢাকা শিক্ষা বোর্ডে একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।
