• বৃহঃ. আগ ২০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে গৃহবধূকে হত্যা, সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ByShirso Aparadh

আগ ২০, ২০২৬

নওগা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বিয়ের আশ্বাস দিয়ে এক গৃহবধূকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে সাবেক এক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নারী (৪৫) বাড়ি বাড়ি গিয়ে গরুর দুধ বিক্রি করতেন। দুধ বিক্রির সূত্রে ধামইরহাট সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনের (৪৬) সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, ওই নারী বিয়ের জন্য বাবুলকে চাপ দিচ্ছিলেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে মঙ্গলবার তাঁকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর তাঁকে উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের তালপুকুর মাহমুদপুর গ্রামের একটি আমবাগানে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, সেখানে বাবুলের নির্দেশে তারেক রহমান (২১) ও আরও একজন সহযোগী ওই নারীর গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এতে তাঁর মৃত্যু হলে মরদেহে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় আমবাগান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা করেন।

এ ঘটনায় বুধবার রাতে বাবুল হোসেন ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তি, স্থানীয় তদন্ত ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে বাবুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যার সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights