• বৃহঃ. আগ ২০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, অতীতের ভুলত্রুটির জন্য চাইলেন ক্ষমা 

ByShirso Aparadh

আগ ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বারবার কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে সভাকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় শুরু হওয়া সভা চলে প্রায় দেড় ঘণ্টা।

সভায় দলীয় সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল নিজেও ওই নির্বাচনে ভোট দেবেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিলে তার বর্তমান সংসদীয় আসনটি শূন্য হবে।

কান্নায় ভেঙে পড়েন ফখরুল

এরপর বক্তব্য দিতে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত সংসদ সদস্যদের ভাষ্য অনুযায়ী, বক্তব্যের শুরুতেই কয়েকবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ফখরুল। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের স্মৃতিচারণ করেন ফখরুল। দায়িত্ব পালনকালে কোনো ভুল হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে সেজন্য ক্ষমাও চান তিনি।

ফখরুল বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করবেন না বলেও জানান তিনি।

বঙ্গভবনে দায়িত্ব নেওয়ার পর সংসদীয় দলের সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে সবার কাছে দোয়া চান ফখরুল। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের দাবি, কয়েক মিনিটের বক্তব্যে চার থেকে পাঁচবার কেঁদেছেন ফখরুল। এতে পুরো সভাকক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমানও।

ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা তারেকের

সভায় মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। তিনি বলেন, অনেক ত্যাগ ও মূল্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে বিএনপি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল দলের সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন সময়ে সাহসের সঙ্গে তিনি দলের হাল ধরেছেন এবং কখনো দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। বিভিন্ন সময়ে তাকে কারাবরণও করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের পক্ষে দলীয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দেন।

স্থানীয় নির্বাচন নিয়ে সতর্কতা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, অনেক সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় পর্যায়ে দলের নেতাকর্মীদের দূরত্ব তৈরি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি যাতে আরও বাড়তে না পারে, সে বিষয়ে এখন থেকেই সতর্ক হতে হবে।

তারেক রহমান বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে। অতীতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি এবার এমন পরিস্থিতি এড়ানোর আহ্বান জানান।

স্থানীয় পর্যায়ে জনপ্রিয়, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার ওপরও গুরুত্ব দেন তিনি। নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুলের আবেগঘন বিদায়ী বক্তব্য এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনার মধ্য দিয়ে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights