• বুধ. আগ ১৯, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

ByShirso Aparadh

আগ ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সব সংসদ সদস্যের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য সব সংসদ সদস্যের কাছে ভোট চাওয়া হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, বৃহস্পতিবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন যাত্রা শুরু হবে। এটি ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ।

তিনি জানান, আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights