অহিদুর রহমান সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি |
ফাতেমা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের যুব সমাজ পদুয়া-গুণবতী সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধের ফলে প্রায় তিন ঘণ্টা গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে তদন্তকারী কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এ সময় তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশের এমন আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ১৯ জুন গুণবতী ইউনিয়ন এলাকায় নেশাগ্রস্ত স্বামী নিজ ঘরে স্ত্রী ফাতেমাকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২২ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় বোন কুলসুমা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ৪১/৪/২৬)। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে বলে জানা গেছে।
