শেখ ফরিদ উদ্দিন :
সাংগঠনিক কোনো পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ ও সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন মাহদি আমিন। একই সঙ্গে বিরোধী দলকে মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে মাহদি আমিন বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ এবং সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। অনেক সময় স্বার্থান্বেষী মহল আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়, যা পরিস্থিতিকে জটিল করে তোলে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পরও কেউ কেউ অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে, যা তাদের জনমানস থেকে বিচ্ছিন্নতারই প্রমাণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া ‘হাইপ’-এর বিপরীতে বাস্তবতা নির্বাচনী ফলাফলেই প্রতিফলিত হয় বলেও উল্লেখ করেন তিনি।
সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে, নিজ বা ভিন্ন পরিচয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর মন্তব্য করাকে তিনি “গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ” হিসেবে আখ্যায়িত করেন।
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি। মতভিন্নতা থাকতেই পারে, তবে তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
