
নিজস্ব প্রতিনিধিঃ
৬ জুন ২০২৬: বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বাড়ানোর জোর
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সফরসূচি ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পোঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এরপর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এবং সেখানে তুরস্কের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও যাবতীয় কর্মসূচি শেষ করে আজ শনিবারই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।
