• মে ২৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে, চার্জশিট প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে

ByShirso aparadh

মে ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, সিআইডির ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুনের কাছে রিপোর্টগুলো হস্তান্তর করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) বলেন, “রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ফরেনসিক রিপোর্ট ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।”

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর এখন মামলার অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রোববার (২৪ মে) আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হতে পারে।

সূত্র আরও জানায়, তদন্তে সংগৃহীত আলামত, সাক্ষ্যপ্রমাণ ও ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতে মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনাটি প্রকাশের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights