
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। সোমবার (৬ জুলাই) সকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো একটি বিশেষ চিঠিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে যুবরাজ ভবিষ্যতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। উভয় দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময় বিবেচনায় প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের তারিখ নির্ধারণ করা হবে। তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র সৌদি আরব বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।
