
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হকার্স মার্কেট এলাকায় শুভ দাস (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মাদক কারবারকে কেন্দ্র করে বিরোধের কারনে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে চাষাঢ়া হকার্স মার্কেটসংলগ্ন একটি সড়কের মোড়ে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে ওই এলাকায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ তল্লাশি করে কয়েকটি ইয়াবা বড়িও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শুভ দাস চাঁদপুরের মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শুভ দাসের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে চার থেকে পাঁচটি মামলা রয়েছে। তাঁর কাছ থেকে ইয়াবাও পাওয়া গেছে। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
