
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার একটি কক্ষে ডেকে নিয়ে শিক্ষক মো. ইব্রাহীম তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় এবং নগদ ৫ টাকা দেওয়া হয়।
পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
তবে অভিযুক্ত শিক্ষক মো. ইব্রাহীম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
#দুমকি #পটুয়াখালী #শিশুনির্যাতন #যৌননিপীড়ন #মাদ্রাসা #গ্রেপ্তার #অপরাধ #বাংলাদেশ #CrimeNews #দৈনিক_শীর্ষ_অপরাধ
