
অনলাইন ডেস্কঃ
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের দালিয়ান শহর থেকে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুরে উচ্চগতির ট্রেনে স্ত্রী ড. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বেইজিংয়ের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
বেইজিংয়ে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে দালিয়ানে অনুষ্ঠিত ডব্লিউইএফের ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কর্মসংস্থান ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও করেন তিনি, যেখানে বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
