• সোম. আগ ২৪, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ByShirso Aparadh

আগ ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মেসার্স ইসলাম ট্রেডার্স নামে একটি খুচরা ডিলারের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে দোকানটিতে বিপুল পরিমাণ সার মজুদের তথ্য পাওয়া যায়।

অভিযানকালে দোকান থেকে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি এবং ৪৫ বস্তা টিএসপি সার মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে অনিয়মের প্রমাণ পাওয়ায় দোকানের মালিক মো. নুর ইসলাম (৫০), পিতা মো. নুরফস আলীকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, উদ্ধারকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। এ জন্য ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সার বিক্রির পর প্রাপ্ত অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়া হবে।

অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থে সার বিক্রিতে সরকারি নির্ধারিত মূল্য ও মজুদসংক্রান্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা অবৈধভাবে মজুদ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights