
শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি, খুলনাঃ
খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ হাফিজুর রহমান মিরাজ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে থানাধীন বুখারিয়া পাড়া এলাকার ফিরোজের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মিরাজ খুলনা মহানগরের খালিশপুর হাউজিং এস্টেট এলাকার মৃত ইয়ার আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া আলামতের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লবণচরা থানার রেকর্ড ও সিডিএমএস (CDMS) পর্যালোচনায় হাফিজুর রহমান মিরাজের বিরুদ্ধে প্রতারণা ও মারামারিসহ দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া স্থানীয়ভাবে তিনি সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বলে জানা গেছে। তবে বর্তমান মামলার অভিযোগের সঙ্গে ওই পরিচয়ের কোনো সংশ্লিষ্টতার তথ্য পুলিশ জানায়নি।
উল্লেখ্য, গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
