নাহিদা আক্তার লাকী, খালিশপুর :
খুলনার খালিশপুর বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শনিবার সকালে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গৃহায়ণ কর্তৃপক্ষের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ নিয়ন্ত্রণে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুলিশ সদস্য ও এলাকাবাসীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, তারা বহু বছর ধরে এ এলাকায় বসবাস করছেন। ঘরবাড়ি নির্মাণ, রাস্তা তৈরি ও মাটি ভরাটে নিজেদের শ্রম ব্যয় করেছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করেই হঠাৎ উচ্ছেদ কার্যক্রম শুরু করায় পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই কর্মস্থল ছেড়ে ঘর বাঁচাতে এলাকায় ফিরেছেন। ভবিষ্যতে কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে তারা অনিশ্চয়তায় ভুগছেন।
অন্যদিকে গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, সরকারিভাবে বরাদ্দ না থাকা বহু প্লট দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে আছে। এসব অবৈধ দখলদারদের সরাতেই এ অভিযান পরিচালিত হচ্ছে। তবে যাদের অস্থায়ী বরাদ্দ রয়েছে বা পুনর্বাসনের ব্যবস্থা হয়নি, তাদের উচ্ছেদ করা হবে না বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।
এ ঘটনার পর এলাকা জুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
