• মঙ্গল. আগ ২৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ওড়িশা উপকূলে কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২২ নাবিকের মধ্যে বাংলাদেশিও

ByShirso Aparadh

আগ ২৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) সকালে দুর্ঘটনার পর জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে মাত্র দুজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। জাহাজটি গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটিতে ওড়িশা থেকে সংগ্রহ করা প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার বিষয়টি জানতে পারে। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে জরুরি উদ্ধার অভিযানের জন্য সহায়তা চায়।

খবর পাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানে কোস্ট গার্ডের ‘বরদ’‘অনমোল’ নামের দুটি জাহাজ পাঠানো হয়। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি নাবিকদের সন্ধানে সমুদ্র এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে জাহাজডুবির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights