• বৃহঃ. জুলা ২৩, ২০২৬

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, গ্রেপ্তার ১

ByShirso aparadh

জুলা ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পর পুলিশ আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ওবায়দুর রহমান রাজধানীর পল্লবীর কালশী এলাকার রোজ গার্ডেন টাওয়ারে তার বোনের বাসায় বসবাস করতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে গাজী নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে তার সঙ্গে ওবায়দুর রহমানের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়। বিষয়টি জানতে পেরে ওবায়দুর রহমান পরিবারকে অবহিত করেন এবং ওই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এরপর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, ভিডিওকাণ্ডকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে বহিষ্কারের তথ্য নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, মামলার অভিযোগগুলো আদালতে বিচারাধীন এবং এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনো প্রকাশ্যে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights