• মঙ্গল. আগ ১৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

এক কিউআরেই সব লেনদেন, চালু হলো ‘বাংলা কিউআর’

ByShirso Aparadh

জুলা ১, ২০২৬

স্টাফ রিপোর্টার:
দেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও একীভূত করতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা ‘বাংলা কিউআর’। মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থায় একটি কিউআর কোড ব্যবহার করেই যেকোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাপ থেকে অর্থ পরিশোধ করা যাবে।

নতুন ব্যবস্থায় প্রতি হাজার টাকা লেনদেনে গ্রাহকের সর্বোচ্চ খরচ হবে ১১ টাকা ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের মতে, ‘বাংলা কিউআর’ চালুর ফলে ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা বাড়বে, প্রতারণার ঝুঁকি কমবে এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পথ আরও সুগম হবে।

এখন থেকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আলাদা আলাদা ব্যাংক বা এমএফএসের কিউআর কোড ব্যবহার করতে হবে না। একটি ‘বাংলা কিউআর’ কোড দিয়েই সব ব্যাংক ও এমএফএসের গ্রাহকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অর্থ গ্রহণ করা যাবে।

ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগদ অর্থের ব্যবহার কমবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি হ্রাস পাবে এবং সরকারের রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে টাকা ছাপানো ও ব্যবস্থাপনায় রাষ্ট্রের বিপুল ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ৩০ জুনের মধ্যে নিজস্ব কিউআর কোডের পরিবর্তে ‘বাংলা কিউআর’ স্থাপনের নির্দেশ দেয়। নির্দেশনা অমান্য করে পুরোনো কোড বহাল রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights