• শনি. সেপ্টে ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নারী-পুরুষ ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

BySarker

সেপ্টে ৫, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খুলে তিনটি মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো কয়েক দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তালাবদ্ধ কক্ষটি খুলে নারী, পুরুষ ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তারা স্বামী-স্ত্রী বলে ধারণা করা হলেও নিহতদের পরিচয় ও স্থায়ী ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড হলে এর পেছনে কারা জড়িত এবং কী কারণে তাদের হত্যা করা হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights