• শনি. আগ ১৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ByShirso Aparadh

জুন ২২, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। একান্ত বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।

মধ্যাহ্নভোজ উপলক্ষে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় মালয় ও বাংলা ভাষার গানসহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights