• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বীরগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা | ঢেপা নদীতে উৎসবের আমেজবীরগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা | ঢেপা নদীতে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক || বীরগঞ্জ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে। মঙ্গলবার ঢেপা নদীর স্লুইসগেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সকাল থেকেই হাজারো দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। নদীর দুই তীরজুড়ে মানুষের উপচে পড়া উপস্থিতি এবং উচ্ছ্বাসে পুরো পরিবেশে সৃষ্টি হয় এক আনন্দঘন গ্রামীণ মেলা-সদৃশ আবহ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসান্সের উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের মাঝিদের ছন্দময় বৈঠা চালানো, নৌকার গতি ও সমন্বিত কসরত দর্শকদের মুগ্ধ করে। পুরো নদী এলাকা জুড়ে মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি প্রতিযোগিতার সমাপ্তি পর্বে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতি টিকিয়ে রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, বীরগঞ্জ থানার ডিএসবি ডিআইও মো. হায়দার আলী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও জানান, বীরগঞ্জে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল দর্শক সমাগম দেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে গ্রামীণ খেলাধুলা ও ঐতিহ্য আরও বেশি জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আধুনিক বিনোদনের যুগেও নৌকা বাইচের জনপ্রিয়তা একটুও কমেনি, বরং এমন আয়োজন মানুষকে একত্রিত করে সামাজিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত একটি আয়োজন দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান। পুরো এলাকায় এখনো উৎসবের আমেজ বিরাজ করছে, যা গ্রামীণ সংস্কৃতির শক্তিশালী উপস্থিতিরই প্রমাণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights