• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিদ্যুৎ সংকটে বরিশাল সরকারি মহিলা কলেজে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষাবিদ্যুৎ সংকটে বরিশাল সরকারি মহিলা কলেজে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম ও অপ্রতুল আলোতে পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন। ঘটনাটি ঘটে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে, যেখানে মাস্টার্স ফাইনাল পর্বের পরীক্ষা চলছিল। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং সঠিকভাবে উত্তর লেখা ছিল অত্যন্ত কঠিন।

কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। কলেজে দুটি বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও কোনো সংযোগেই বিদ্যুৎ ছিল না। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীদের মোমবাতির আলোয় প্রায় এক ঘণ্টা পরীক্ষা দিতে হয়।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সংযোগের দায়িত্বপ্রাপ্তদের একাধিকবার যোগাযোগ করা হলেও তারা জানান, ট্রান্সমিটারের কাজ চলছিল। ভবিষ্যতে এমন সমস্যার সমাধানে কলেজে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যদিও এটি বাস্তবায়নে বড় ধরনের অর্থায়নের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ওজোপাডিকো-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকার বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। তিনি জানান, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং উৎপাদন বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights