• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দীর্ঘ ১৭ বছর পর শহীদ জিয়ার কবর জিয়ারত করলেন তারেক রহমান

Byadmin

ডিসে. ২৬, ২০২৫


এস এম শাহ্ জালাল সাইফুল : দীর্ঘ ১৭ বছর পর বাবা সাবেক রাষ্ট্রপতি ও শহীদ রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।
কবর জিয়ারত উপলক্ষে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা প্রস্তুতি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর নিজ বাসভবন থেকে তিনি প্রথমে শেরেবাংলা নগরে বাবার কবর জিয়ারতে আসেন। কবর জিয়ারত শেষে সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) সংলগ্ন এলাকা পর্যন্ত নজিরবিহীন জনসমাগম ঘটে। লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
পরবর্তীতে বিকেলে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-এ আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয় তুলে ধরেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, তার লক্ষ্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া—যেখানে ধর্ম, বর্ণ ও মতভেদ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত থাকবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights