বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দিয়েছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাহুবল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ প্রতিপালন করতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব বা অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী, উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু, উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউন ইসলাম আসিফ, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
এর আগে বিভাগীয় কমিশনার বাহুবল উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি স্বস্তিপুর বন্যা আশ্রয়কেন্দ্র, পুটিজুরি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়, বাহুবল সদর ইউনিয়ন পরিষদ এবং বৃন্দাবন–ভায়া মধুপুর সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন।
