• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

Byadmin

নভে. ১, ২০২৫

সাইফুল ইসলাম, বান্দরবান:
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইং | রাত ১২:৩০

দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সাহসী সদস্য। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর সদস্য নায়েক মো. আক্তার হোসেন (বয়স অজানা) শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে নায়েক আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজু আমতলী বিওপিতে অস্থায়ীভাবে দায়িত্ব পালনকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পেয়ারাবুনিয়া সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন।

বিস্ফোরণের সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় এবং একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাকে দ্রুত রামু সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন বিজিবির হেলিকপ্টারে করে সিএমএইচ, ঢাকায় স্থানান্তর করা হয়।

সেখানে দীর্ঘ ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে হঠাৎ হার্ট অ্যাটাক হলে টানা ৪৫ মিনিট ধরে সিপিআর (CPR) প্রদান করা হয়। তবে হৃদস্পন্দন ফিরে না আসায় দুপুর ১২টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নায়েক আক্তার হোসেনের মৃত্যুতে পুরো বিজিবি পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) বলেন,

“দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এক সাহসী সহযোদ্ধাকে হারালাম। নায়েক আক্তার হোসেনের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

তিনি আরও বলেন,“শহীদ নায়েক আক্তার হোসেন দেশের জন্য আত্মোৎসর্গের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত নায়েক আক্তার হোসেনের মরদেহ নিজ জেলা ভোলার দৌলতখানে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights