• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উচ্চশিক্ষায় নতুন দিগন্ত

Byadmin

সেপ্টে. ১৮, ২০২৫

মু. কবির চৌধুরী:

বিশ্বের সেরা র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ (BUFS)–এর ডিন প্রফেসর সুন-হি কওন এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ডিএমআরসি কলেজ পরিদর্শন করেছেন। এসময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে প্রতিনিধি দল অভিভূত হন এবং উচ্চশিক্ষা প্রসারে আগ্রহ প্রকাশ করেন।

সফরকালে প্রাথমিক সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয় ডিএমআরসি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এবং BUFS-এর ডিন প্রফেসর সুন-হি কওন নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দলের সদস্য ডিরেক্টর ড. ডং ও প্রফেসর মোসেন চো-এর মধ্যে। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও CSE, AI ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিএমআরসি কলেজের প্রধান উপদেষ্টা আলহাজ্ব বাহালুল হক চৌধুরী, ডিএমআরসি কলেজের উপদেষ্টা জনাব কফিল উদ্দিন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুল মান্নান এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপি’র কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

সকলেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের শিক্ষা প্রসারে দ্রুত চূড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। অতি শীঘ্রই বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর প্রেসিডেন্টের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। হাজারো শিক্ষার্থী ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করে।

কোরিয়ান প্রতিনিধি দল প্রতিষ্ঠানগুলোর পরিবেশ, শিক্ষার মান ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সংযোগের নতুন মাইলফলক হবে এবং শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনের পথ উন্মুক্ত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights