
সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আলতাফ হোসেন (৫৮)। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুল ইসলামের সঙ্গে স্থানীয় ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয় এবং ওই ব্যক্তিরা আলতাফ হোসেন ও তাঁর ছেলের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও আরিফুল ইসলামকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে আরিফুল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এসবির এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই ওই এসআই ও তাঁর ছেলে হামলার শিকার হন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসবির সাভার জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজার এলাকায় তাঁর একটি জায়গা রয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
