• শুক্র. সেপ্টে ৪, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ট্রাফিক পুলিশের মামলা

BySarker

সেপ্টে ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগও আনা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের একটি সূত্র।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫ নম্বরের একটি রেঞ্জ রোভার গাড়ি উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটিতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরও পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল বলে জানান সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তার ভাষ্য, প্রধানমন্ত্রী যানজটের মধ্যেও ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলাচল করছেন। এমন পরিস্থিতিতে মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার ঘটনায় আইন সবার জন্য সমান—এমন একটি বার্তা প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, অতীতে যানজট এড়াতে কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রী-সচিবদের গাড়ি উল্টোপথে চলার অভিযোগ গণমাধ্যমে এলেও এ ধরনের ঘটনায় মামলা হওয়ার ঘটনা বিরল। তার মতে, এবারের ঘটনাটি সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি চলাচলের ক্ষেত্রেও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের দৃষ্টান্ত হয়ে থাকবে।

এদিকে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি বৃহস্পতিবার সচিবালয়ে আলোচনার সৃষ্টি করেছে। ঘটনার বিষয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights