
নিজস্ব প্রতিবেদক
দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি—এমন দাবি করেছেন দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের নাম রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গেও এ বিষয়ে কথা বলা হলে তারা জানান, প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই নির্ভর করছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করে।
সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। সংসদীয় সমর্থনে বড় কোনো পরিবর্তন না হলে বিএনপির প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমাত্র বৈধ প্রার্থী হলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না; সেক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
