
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় অলি আহমদ জোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করায় তিনি ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞ। দেশের জনগণের স্বার্থে কাজ করার পাশাপাশি জাতির সঙ্গে কোনো ধরনের বেইমানি করবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকেই মনোনীত করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও অলি আহমদের প্রার্থিতাকে সমর্থন করেছেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জোটের পক্ষ থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে অলি আহমদের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হলো।
