• মঙ্গল. আগ ৪, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মাধবপুরে জরাজীর্ণ ব্রিজে মৃত্যুঝুঁকি, আতঙ্কে এলাকাবাসী

ByShirso aparadh

আগ ৪, ২০২৬

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বোয়ালিয়া খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির পিলারের ঢালাই খসে ভেতরের লোহার রড বেরিয়ে এসেছে এবং মরিচা ধরে ক্ষয়ে যাচ্ছে। এতে যে কোনো সময় সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের নিচের পিলারগুলোর সিমেন্ট ও প্লাস্টারের বেশিরভাগ অংশ খসে পড়েছে। ফলে কাঠামোর লোহার রড উন্মুক্ত হয়ে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি ও প্রাকৃতিক পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির স্থায়িত্বও মারাত্মকভাবে কমে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় বাসিন্দা ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশীদ জানান, প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ চলাচল করেন। ভারী যানবাহন চলাচলের সময় পুরো ব্রিজ কেঁপে ওঠে, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি দ্রুত ব্রিজটি অপসারণ করে নতুন একটি সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে সেতুটি পরিদর্শন করে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হোক।

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তা মো. রেজাউন নবী বলেন, “বিষয়টি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।”

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে একটি সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাধবপুরে জরাজীর্ণ ব্রিজে মৃত্যুঝুঁকি, আতঙ্কে এলাকাবাসী

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights