
স্টাফ রিপোর্টার:
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (২২ জুলাই) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
রুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত রুলে জানতে চেয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা না থাকায় তা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত স্নাতক ডিগ্রি নির্ধারণে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
এর আগে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
হাইকোর্টের এ রুলের পর স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রুলের জবাব দাখিলের পর বিষয়টির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
