• বৃহঃ. সেপ্টে ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ভুয়া আইডি কার্ডে মাইলস্টোন কলেজের পরিচয় ব্যবহার, তুরাগ থানায় জিডি

BySarker

জুলা ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় জিডিটি করেন। এর জিডি নম্বর ৯০৫।

জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সূহি নামে এক শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের (কলেজ কোড-৮০৭৪) ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে আগে থেকেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে। ফলে বর্তমানে কলেজটির সঙ্গে তার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং প্রতিষ্ঠানটির পরিচয় ব্যবহারেরও কোনো আইনগত অধিকার তার নেই।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই শিক্ষার্থীকে মাইলস্টোন কলেজের আইডি কার্ড ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন নিয়ে সরকারবিরোধী এবং উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। কলেজের দাবি, তিনি বর্তমানে শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, জিডিটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জিডিতে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী পক্ষের দাবি। এ বিষয়ে তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তের ভিত্তিতেই অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights