
শাহিন আলম হৃদয়
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু ফকির কোয়ালীকান্দি বাজার এলাকার জহরুল ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবু ফকির তাঁর এক আত্মীয়ের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যান। কাজ চলাকালে ঘরের বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে তিনি নিজেই সেটি মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ও চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান ফকির বলেন, “ভাতিজা বাবু রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে ঘরের বৈদ্যুতিক লাইনের সমস্যা ঠিক করার চেষ্টা করছিল। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। হাসপাতালে নেওয়ার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে।”
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, বাবু ফকিরকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি পরিবারকে নিশ্চিত করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাত্র ২৭ বছর বয়সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের মাতম নেমে এসেছে পরিবারে। বাবু ফকির রেখে গেছেন স্ত্রী, ৬ বছর বয়সী এক কন্যাসন্তান এবং মাত্র ২২ দিন বয়সী এক নবজাতক পুত্রসন্তান। কোলজুড়ে নতুন সন্তানের আগমনের আনন্দের মধ্যেই পরিবারের ওপর নেমে এসেছে অপূরণীয় শোক। তাঁর অকাল মৃত্যুতে কোয়ালীকান্দি গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
