
আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উত্তরের নেগোম্বো কারাগারে বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে চার কারারক্ষীসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি বন্দি ও কারারক্ষী। গত পাঁচ বছরের মধ্যে দেশটির সবচেয়ে প্রাণঘাতী কারাগার দাঙ্গা হিসেবে ঘটনাটি বিবেচনা করা হচ্ছে।
সোমবার (৬ জুলাই) দেশটির কর্মকর্তারা জানান, নেগোম্বো কারাগারের ভেতরে দুটি মাদক চক্রের সদস্যদের মধ্যে রোববার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়ে রাতভর সহিংসতা চলে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, নিহত ও আহতদের মধ্যে অনেকের শরীরে গুলির চিহ্ন রয়েছে, আবার অনেকেই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে কারাগারের একটি অংশের নারী বন্দিরা ছাদে উঠে নিরাপত্তা ও মুক্তির দাবি জানান। এ সময় ছাদের একটি অংশ ধসে কয়েকজন নারী বন্দি আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও কারাগারের ভেতরে কমান্ডো প্রবেশ করানো হয়নি। কারাগারের বাইরে উদ্বিগ্ন স্বজনদের ভিড় জমে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১১ হাজার বন্দির জন্য নির্মিত শ্রীলঙ্কার কারাগারগুলোতে বর্তমানে ৪১ হাজারের বেশি বন্দি রয়েছে। অতিরিক্ত বন্দির চাপকে এ ধরনের সহিংসতার অন্যতম কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
