• রবি. আগ ১৬, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ByShirso Aparadh

জুন ২৯, ২০২৬

ফাতেমা তুজ জোহরা:

বরেণ্য চিত্রশিল্পী, পাপেটশিল্পের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের এই গুণী মানুষের প্রয়াণে জাতি একজন সৃজনশীল পথপ্রদর্শককে হারিয়েছে।

সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় তারেক রহমান বলেন, মুস্তাফা মনোয়ারের দীর্ঘ শিল্পসাধনা ও সৃজনশীল অবদান বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিল্প, সংস্কৃতি এবং শিশুদের সৃজনশীল বিকাশে তাঁর নিরলস কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম ও আদর্শের মধ্য দিয়েই তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান মুস্তাফা মনোয়ার চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে গেছেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights