• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রামিসা হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন

BySarker

জুন ৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষ তাদের উপস্থাপিত যুক্তিতে সাক্ষ্য-প্রমাণ, আলামত এবং প্রাসঙ্গিক আইনগত দিক তুলে ধরে দাবি করে যে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তারা প্রধান আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ঘটনার সময় প্রধান আসামি মাদকাসক্ত অবস্থায় ছিলেন। তিনি আদালতের কাছে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। একই সঙ্গে সহ-আসামি স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে কেবল মরদেহ গোপনের ঘটনায় তার দায় বিবেচনার অনুরোধ জানান।

শুনানিকে ঘিরে আদালত প্রাঙ্গণে আইনজীবী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এর আগে মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৪ জুন দিন ধার্য করেছিলেন। শুনানির জন্য এদিন সকালে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়।

গত ২ জুন মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। আদালতে উপস্থাপিত সাক্ষ্য ও আলামতে রামিসার নিখোঁজ হওয়া, সন্দেহভাজন বাসা শনাক্তকরণ, বিভিন্ন আলামত উদ্ধার এবং মরদেহ উদ্ধারের বিষয় উঠে আসে। তদন্ত সংশ্লিষ্ট সাক্ষীরা অভিযোগ করেন, ঘটনার পর সোহেল রানাকে পালাতে সহায়তা করার ক্ষেত্রে স্বপ্না আক্তারের ভূমিকার বিষয়টিও তদন্তে এসেছে।

আত্মপক্ষ সমর্থনের সময় সোহেল রানা আদালতে নিজের অপরাধের কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন এবং তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন। অপরদিকে স্বপ্না আক্তার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের মধ্যে ছিলেন ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, প্রতিবেশী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কর্মকর্তা।

বহুল আলোচিত এ মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights